কুয়াশায় ঢাকা মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঘন কুয়াশার তীব্রতায় ঢাকা পড়েছে সড়ক-মহাসড়কগুলো। গত কয়েক দিন ধরে কুয়াশার ঘনত্ব বেড়েই চলছে। সন্ধ্যার পর থেকেই তীব্রতা বাড়ে কুয়াশার। সেই তীব্রতা চলে দুপুর পর্যন্ত।

আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন- এমনটা চলবে আরও বেশ কয়েক দিন। বাড়তে পারে কুয়াশার আরও তীব্রতা। সেই সঙ্গে সপ্তাহজুড়ে হালকা শীত ও প্রকৃতিতে থাকবে ধোঁয়াশা।

কুয়াশার গভীরতার কারণে সড়ক-মহাসড়কগুলোতে যানবাহন চলছে ধীরগতিতে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট ও ফগ লাইট জ্বালিয়ে রেখেছে। তারপরেও কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহনগুলো। 

এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ প্রায় তিন শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রবিবার সকালে সরেজমিন সড়কে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ অংশে কুয়াশায় পুরো অন্ধকার সড়কগুলো। যে সব যানবাহন চলছে তা খুবই ধীরগতিতে। হেড লাইট ও ফগ লাইট জ্বালিয়ে রেখেছেন চালকেরা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে ভোর পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।