ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ রাখার পর রবিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে রবিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয় স্বাভাবিক হয়েছে।
মানিকগঞ্জ ট্রফিক পুলিশের সর্বশেষ বার্তা অনুযায়ী, শুধুমাত্র পাটুরিয়া প্রান্তেই ২ শতাধিক যাত্রীবাহী বাস, ২ শতাধিক ব্যক্তিগত যানবাহন, সাড়ে ৩ শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং উথুলি মোড়ে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
জিল্লুর রহমান আরও বলেন, ১৫টি ফেরি দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন পারা পার করা হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।