জেলার আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নে শনিবার রাত ১১টায় বন্য হাতির আক্রমণে ২ কিশোর নিহত হয়েছেন।
মৃতরা হলেন- চৈক্ষ্যং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়ার আব্দুস সোবাহানের ছেলে মনসুর (১৯) এবং একই ইউনিয়নের পাট্টাখাই পাড়ার মো. হোসেনের ছেলে হুমায়ুন কবির (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গহিন পাহাড় থেকে ৮-১০টা হাতি রাত সাড়ে ১১টার দিকে অলি মেম্বার পাড়ায় প্রবেশ করে। পরে রাতে এলাকাবাসীরা আগুন নিয়ে হাতির দলকে তাড়া করলে দলটি রেফার বাজারে চলে আসে।
তখন রেফার বাজার সীমানা অতিক্রম করে হাতির দলটি একটু সামনে যেতেই মনসুর আগুন নিয়ে হাতির দলের সামনে দাঁড়ায়। পরে একটি হাতি মনসুরকে সুঁড়ে বেঁধে আছাড় মারে। এতে তার মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও জানা যায়, হাতির দলটি আবার পাট্টাখাই পাড়ায় যায়। এ সময় পথে হুমায়ুন কবিরকে সুঁড়ে বেঁধে আছাড় মারে। তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন কায়দায় পুলিশ রাতেই বন্য হাতির দলটিকে লোকালয় ত্যাগ করায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।