গুইলের্মের নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীর টানা দুই

আবারো চট্টগ্রাম আবাহনীর হয়ে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে। এই তারকার নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেল বন্দরনগরির দলটি।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

ফেডারেশন কাপ ফুটবলে এই সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষেই ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। লিগে যে হারের বেদনায় কিছুটা হলেও প্রলেপ দিতে পারল দলটি।

নিক্সন গুইলের্মে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৪ মিনিটে।

তিন ম্যাচে দুই জয়ে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা বন্দরনগরীর দলটি পরের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে।

তিন ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ৪। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র দিয়ে লিগ শুরুর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরের ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল পল জোসেফ পুটের দল।

এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয় তুলে নেয় মুক্তিযোদ্ধা সংসদ।