বাগেরহাটের শরণখোলায় মোল্লা সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার ভোরে উপজেলার মঠেরপাড় গ্রামের একটি মাঠ থেকে দুই চোখ রক্তাক্ত অবস্থায় সাইফুলকে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাইফুলের বিরুদ্ধে শরণখোলা থানায় ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এসএম ফয়সাল আহমেদ গতকাল বিকেলে এ প্রতিবেদককে বলেন, রবিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে সাইফুলকে হাসপাতালে আনা হয়। তার দুই চোখ ক্ষতবিক্ষত। চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চোখ খুঁচিয়ে দেওয়া হয়েছে, আঘাত গুরুতর।