চালকের আসনের নিচে ১৮ হাজার ২০০ ইয়াবা

ইয়াবা পাচারকালে চট্টগ্রামের পটিয়ায় লন্ডন এক্সপ্রেস নামের একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাইপাস এলাকার হাম কনভেনশন সেন্টারের সামনে বাসটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ১৮ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসচালক মো. বাদশা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। বাদশা মিয়া নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী লন্ডন এক্সপ্রেস নামের যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি থামান র‌্যাব সদস্যরা। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গতকাল রবিবার পটিয়া থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।