এশিয়ার ‘মাদক সম্রাট’ সে চি লপ গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী দলগুলোর একটির প্রধান সে চি লপকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডস পুলিশ। সে চি লপ এশিয়ার মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে অস্ট্রেলিয়ায়।

গত শুক্রবার আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম শীর্ষ এ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার আগে প্রায় ১০ বছর তার গতিবিধির ওপর নজর রাখছিল অস্ট্রেলিয়ার পুলিশ। অস্ট্রেলিয়া এখন এই ব্যক্তিকে প্রত্যর্পণের আবেদন করবে।

চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক সে চি লপকে বলা হয় ‘দ্য কোম্পানি’র প্রধান। পুরো এশিয়ায় ৭ হাজার কোটি ডলারের অবৈধ মাদকের বাজার পরিচালনা করে তারা।

অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের ধারণা, স্যাম গোর সিন্ডিকেট নামে পরিচিত ‘দ্য কোম্পানি’ পুরো এশিয়ার মাদক ব্যবসার প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে। ৫৬ বছর বয়সী সে চি লপকে কুখ্যাত মেক্সিকান মাদক কারবারি ‘এল চাপো’ গুজমানের সঙ্গেও তুলনা করা হয়।

২০১৯ সালে রয়টার্সের এক প্রতিবেদনে তাকে এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, মেথঅ্যামফেটামিন বিক্রি করে ২০১৮ সালে সিন্ডিকেটের আয় হয়েছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।

নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগে ৯ বছর কারাগারে ছিলেন তিনি। সে চি লপকে ধরতে পরিচালিত কুঙ্গুর অপারেশন অভিযানে বলা হচ্ছে; বিভিন্ন দেশের প্রায় ২০টি সংস্থা এতে কাজ করেছে।