দুই শিশুসহ সড়কে প্রাণ গেল ৫ জনের

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁর মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। সিরাজগঞ্জের সদর ও কাজিপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :

নওগাঁ : মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাদিয়া খাতুন (৫) ও মাহিমা আক্তার (৭) নামে দুই শিশু নিহত হয়েছে। গতকাল সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ও চকরঘুনাথ হাজির মোড় নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি ভটভটির চাপায় ঘটনাস্থলেই মৃত্যু  হয় সাদিয়ার। অপরদিকে বেলা ১১টার দিকে চকরঘুনাথ হাজির মোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় মাহিমা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মত ঘোষণা করেন। মান্দা থানার ওসি দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ : পৃথক স্থানে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে সদর উপজেলায় পিকআপ উল্টে আমির হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া শনিবার রাতে কাজিপুর পুরাতন বাজার এলাকায় বালুবাহী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে এর চালক শাকিল হোসেন (১৯) প্রাণ হারিয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী জানান, ইটবাহী পিকআপ ও এর সঙ্গে সংযুক্ত একটি ইটভাঙার মেশিন নিয়ে সিরাজগঞ্জ থেকে কাজিপুরের দিকে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। পরে ঘটনাস্থলে মেশিনসহ পিকআপটি উল্টে যায়। এতে ৭ শ্রমিক আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আমিরকে মৃত ঘোষণা করেন। অপর ঘটনায় কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খাগড়াছড়ি : মানিকছড়িতে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. আব্দুল ছাত্তার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন। গতকাল সকালে উপজেলার ওসমান পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল। পথে মানিকছড়ির ওসমান পল্লী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী ছাত্তার ঘটনাস্থলেই মারা যান। মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।