ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে মর্মে পুলিশ আলোচনা সভা বাতিল করতে বলেছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে গণসংহতি।
গণসংহতি আন্দোলনের নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা সোমবার বিকেল ৩টায় জানান, ‘আমি শহীদ মিনারে সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুমতি নিয়েই সভার সিদ্ধান্ত হয়েছে। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতা ও নাগরিকরা উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু রবিবার রাত ৮টার দিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ আমাকে ফোন করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, আপনারা আপনাদের কর্মসূচি বাতিল করুন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সোমবার সকালে অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অনুষ্ঠান বাতিল করে পুলিশ। পুলিশের এই আচরণে মর্মাহত ও ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা’।
মিজানুর রহমান মোল্লা বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে জনগণের মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার খর্ব করার এই হীন কর্মকাণ্ডের বিরোধিতা করছি। সেই সঙ্গে সভা-সমাবেশ নিষিদ্ধের আইনি নোটিশ না থাকা সত্ত্বেও আলোচনাসভা বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি’।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘শহীদ মিনারে অনুষ্ঠান করার ব্যাপারে আমার জানা ছিল না। তা ছাড়া যে কোনো সভা সমাবেশে করার ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) ও এসপির অনুমতি লাগে। এ সভা করার ক্ষেত্রে তার কিছুই ছিল না’।
সভাস্থলে পুলিশের ভ্যান ও পুলিশ সদস্যদের উপস্থিতির কথা জানতে চাইলে ওসি বলেন, ‘পুলিশের নিয়মিত ডিউটি পুলিশ করেছে’।