‘মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হবে’

মেহেরপুরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। তিনি বলেছেন, মেহেরপুরের মুজিবনগর স্বাধীনতার সূতিকাগার। এখানেই দেশের প্রথম সরকারের গঠন ও শপথ অনুষ্ঠান হয়েছিল। সেই গুরুত্ব বিবেচনায় মেহেরপুরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র স্থাপন করা হবে। গতকাল সোমবার দুপুরে শহরের বামুনপাড়ায় পানি উন্নয়ন বোর্ড বাপাউবো দপ্তরের নতুন জেলা অফিসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দুটি বাঁধ তৈরি করা হবে মেহেরপুর অংশে। এতে বৃষ্টির পানি সারা বছর ধরে রাখা সম্ভব হবে। এ ছাড়া মেহেরপুর অংশে ৩০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা এলাকায় ২৬ কিলোমিটার নদী খনন হবে। এতে এই অঞ্চলে সেচসুবিধা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাশসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাউবোর ফরিদপুর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, কুষ্টিয়া পাউবো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।