দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপি।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভোলেনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি যে অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য সেই প্রশ্নও তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, তারা (বিএনপি) অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

এ সময় করোনাভাইরাসের টিকার মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে নানাভাবে মিথ্যাচার করছেন। অহেতুক ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। এটি স্পর্শকাতর বিষয়। জনগণের মাঝে সংশয় তৈরি করা ঠিক হবে না।’

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন। অপপ্রচার ও সংশয় বাদীদের প্রত্যাখ্যান করুন।

বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনো আমলে নিবে না।

সেতুমন্ত্রী বলেন, কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি। ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। ব্যবসায়িক স্বার্থে করোনা ভ্যাকসিন আনা হয়েছে- এমন অভিযোগ অমূলক ও ভিত্তিহীন।