আধুনিক আমেরিকার প্রথম সেলিব্রিটি হিসেবে পরিচিত এলিজাবেথ প্যাটারসন বোনাপার্টের জীবনী ওঠে আসছে সিনেমার পর্দায়। আর এ চরিত্রে অভিনয় করছেন সামারা ওয়েভিং।
গত বছর ‘বিল অ্যান্ড টেড ফেইস দ্য মিউজিক’-এ বিলের মেয়ে তেয়া চরিত্রে অভিনয় করেন সামারা।
ভ্যারাইটি জানায়, ‘লিজ’ নামের চলচ্চিত্রে তিনি এলিজাবেথের চরিত্রে থাকছেন। যার সম্বন্ধে বলা হয়ে থাকে, আমেরিকার ভুলে যাওয়া প্রতিষ্ঠাতা মায়েরদের একজন।
এলিজাবেথ ছিলেন ফরাসি রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপোর্টের ছোট ভাই জেরেমির প্রথম স্ত্রী ও যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের এক ব্যবসায়ীর মেয়ে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। তিনি বিপ্লবকালীন আমেরিকায় জেফারসনের প্রেসিডেন্সির সময় দৃশ্যপটে আসেন। তাকে বলা হয় আমেরিকার প্রথম আন্তর্জাতিক সেলিব্রিটিদের একজন। ফ্যাশন, রসবোধ ও স্বাধীনচেতা ব্যক্তিত্বের জন্য প্রসিদ্ধ ছিলেন এলিজাবেথ।
‘লিজ’ পরিচালনা করবেন অ্যাডাম লিওন। যিনি এর আগে গিমি দ্য লুট ও ট্রাম্পস নামের সিনেমা নির্মাণ করেন। সামনে আসতে যাচ্ছে অ্যাডামের আরেক ছবি ‘ইটালিয়ান স্টুডিওস’।
এ দিকে অভিনেত্রী সামারা এর আগে দ্য বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি, মেহেম, দ্য বেবিসিটার ছবিতে অভিনয় করেছেন। তার ডার্ক কমেডি ‘রেডি অর নট’ দারুণভাবে প্রশংসিত, বক্স অফিসেও সফল। চলতি বছর তাকে দেখা যাবে ‘স্নেক আইস’ ছবিতে।