যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শহরের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন একজন মুসলিম। পূর্ব মিশিগানের শীর্ষ ফেডারাল প্রসিকিউটর পদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন ৫২ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা মোহসিন।
সায়মা ২০০২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে পূর্ব মিশিগানের সহকারী ইউএস অ্যাটর্নি হিসেবে কর্মরত আছেন। ইউএস অ্যাটর্নি পদে তিনি ভারপ্রাপ্ত হিসেবে যোগ দিচ্ছেন এবং সিনেটের অনুমোদন পাওয়ার পর স্থায়ী হবেন। বিদায়ী অ্যাটর্নি শ্নাইডার বলেন, ‘আমার দেখা সেরা ফেডারেল প্রসিকিউটর সায়মার হাতে অফিস ছেড়ে যেতে পেরে আমি সন্তুষ্ট। আমেরিকার ইতিহাসের প্রথম অভিবাসী ও মুসলিম অ্যাটর্নি হিসেবে তার ভূমিকা ঐতিহাসিক।’
এক বিবৃতিতে সায়মা বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি হিসেবে মিশিগানের পূর্ব জেলাগুলোর দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। বিশ্বস্তভাবে আইন কার্যকর করা এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
উল্লেখ্য, মিশিগান যুক্তরাষ্ট্রের সবচেয়ে মুসলিম জনবহুল রাজ্য। এখানে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। আমেরিকার সর্ববৃহৎ মসজিদ ‘ইসলামিক সেন্টার অব আমেরিকা’ এখানেই অবস্থিত।