বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মিজানুর রহমান। এর আগে গত ২৪ জানুয়ারি ওই মামলায় ২ বছরের সাজা দেওয়া হয় মঈন উদ্দীনকে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সালাউদ্দীনের ছেলে আলমগীর হোসেনকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর প্রস্তাব দেয় মঈন। ইতালিতে পাঠানোর নাম করে তার কাছ থেকে দু দফায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান মঈন।
এ ঘটনায় ২০১৯ সালের ৩০ মে মঈন উদ্দীনকে আসামি করে মামলা করেন প্রতারণার শিকার আলমগীরের ভাই মিজানুর রহমান।