স্মরণসভায় বক্তারা

মিজানুর রহমান খান গণতন্ত্রের পক্ষে কলম চালিয়ে গেছেন

সাংবাদিক মিজানুর রহমান খান কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি সব সময় সাদাকে সাদা ও কালোকে কালো বলতেন। তিনি যা দিয়ে গেছেন তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ স্মরণসভা হয়। এতে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী।

সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান ৮০’র দশকে সাংবাদিকতা পেশায় আসেন। পড়ালেখার পাশাপাশি এ পেশার সঙ্গে জড়িত হন তিনি। তিনি সুশাসনের জন্য নিজের কলম চালিয়ে গেছেন। আইন-আদালত, সংবিধান জ্ঞানসহ গণতন্ত্র নিয়ে নিজের ধারালো কলম চালিয়ে গেছেন। মিজানুর রহমান খান সংবিধান, আইন ও সংসদ বিষয়ে অনেক পারদর্শী ছিলেন। তিনি দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয় ছিলেন। সম্পাদকীয় বিভাগে কাজ থাকলেও সেখানে সীমাবদ্ধ ছিলেন না, রিপোর্টিং করা, ছবি তোলা নিয়ে তার বেশ আগ্রহ ছিল। কোনো বিশেষ রায় হলেই সেটা নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ হতো। তিনি হাত খুলে লিখতেন, মন খুলে কথা বলতেন।

স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম সাবু, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন। মিজানুর রহমান খানের সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, উপ-সম্পাদক লাজ্জাত এনাম মসীহ ও এ কে এম জাকারিয়া, সাবেক সহকর্মী শরীফুজ্জামান পিন্টু। এছাড়া বক্তব্য রাখেন মরহুম মিজানুর রহমান খানের ছেলে শাদমান মিজানুর খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের গত ১১ জানুয়ারি মিজানুর রহমান খান ইন্তেকাল করেন।