মাদারীপুরের রাজৈরের সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই পলাতক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সেলিম মুন্সী (৩৫) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পাভেল শিকদার (৩৬)।
দুই আসামি পলাতক রয়েছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান।
মামলার নথি সূত্রে জানা গেছে, নিহত সাহেদ বেগ ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামে খালের মধ্যে তার লাশ পাওয়া যায়।
সাহেদ বেগের বোন লাকি বেগম বলেন, আমার আজও আমার ভাইয়ের ছবি বুকে নিয়ে ঘুরি। আজকের রায়ে আমরা সন্তুষ্ট। যারা নির্মমভাবে আমার ভাইকে হত্যা করেছে, তাদের দ্রুত ফাঁসি চাই।
সাহেদ বেগের ভাই রফিক বেগ বলেন, আজকের এ রায়ে আমরা সন্তুষ্ট। আমি আশা করি, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এ রায় কার্যকর করা হবে।
মাদারীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।