দুই মার্কিন বিশেষজ্ঞের অভিমত

বাইডেনের সংস্কার উদ্যোগে আমেরিকায় অভিবাসন সহজ হবে

বিভিন্ন দেশে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অভিবাসন (ইমিগ্রেশন) নীতি প্রণীত হলেও যুক্তরাষ্ট্রে বরাবরই রাজনীতি অভিবাসনকে নিয়ন্ত্রণ করেছে। ফলে বিশ্বের বৃহৎ অর্থনীতির এই দেশটিতে সুষম একটি অভিবাসন প্রক্রিয়া গড়ে ওঠেনি।

বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান বিশেষজ্ঞ এই মতামত দিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত সংস্কার উদ্যোগ আমেরিকার অভিবাসনকে খানিকটা হলেও সহজ করবে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে তারা এই মতামত দেন।

আলোচনায় অংশ নেন টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ও ইমিগ্রেশন বিষয়ক গবেষক ড. মেহনাজ মোমেন এবং নিউইয়র্কের ইমিগ্রেশন অ্যাটর্নি মৌমিতা রহমান। টরন্টো সময় বুধবার রাতে এই আলোচনা সম্প্রচার হয়।

এ সময় ড. মেহনাজ মোমেন বলেন, কানাডা বা অস্ট্রেলিয়ায় অর্থনীতি পুনরুজ্জীবনের অংশ হিসেবে অভিবাসন নীতিমালাকে সাজানো হয়। কিন্তু আমেরিকার অভিবাসন নীতিমালা সেই রকম না। এখানে অভিবাসনকে রাজনীতির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, গত এক বা দুই দশকে আমেরিকার অভিবাসন একটি সাংস্কৃতিক ইস্যু উঠেছে। অভিবাসীদের পছন্দ করা বা না করাকে কেন্দ্র করে নতুন এক সংস্কৃতি গড়ে উঠেছে।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্কারের প্রস্তাবনাকে অভিবাসনের নানা বাধাগুলো দুর করে অভিবাসনকে সহজ করার পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পরিপূর্ণভাবে এই প্রস্তাবনাকে আইনে পরিণত করতে দুই কক্ষেই এটি পাশ হতে হবে। সে ক্ষেত্রে সিনেটে রিপাবলিকানদের বাধার মুখে পড়ার আশঙ্কা আছে। তবে প্রেসিডেন্ট বাইডেন আলাদা আলাদা পদক্ষেপ হিসেবে তার পরিকল্পনা কার্যকর করতে চান। সেটি করতে হয়েতো বা তাকে বেগ পেতে হবে না।

ড. মেহনাজ বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন তার অভিবাসন সংস্কার প্রস্তাবনায় ‘আনডকুমেন্টেড’ শব্দের বদলে ‘নন সিটিজেন’ শব্দটি ব্যবহার করেছেন। এটি কিন্তু তার নীতিমালার গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। অভিবাসন সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের জন্য এই বার্তাটি অনেক প্রশাসনিক ইন্টারপ্রিটেশনকে বদলে দেবে।

তিনি বলেন, আমেরিকার যখন যারা ক্ষমতায় থাকেন তারাই তাদের পছন্দের বা অপছন্দের দেশের লোকদের আসার পথ সহজ বা কঠিন করার লক্ষ্য নিয়ে অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত বা নীতিমালা গ্রহণ করে।

আমেরিকার অভিবাসন দক্ষ জনশক্তির প্রতি সহানুভূতিশীল হলেও অদক্ষদের বেলায় খুবই রূঢ়। আবার অর্থনীতির প্রয়োজনেই প্রতিবেশী দেশ থেকে লোক আসার পথ বন্ধ করেও দেয় না। এই সব কারণেই আমেরিকায় ‘আনডকুমেন্টেড’ জনগোষ্ঠী এত বেশি। তিনি আমেরিকার অভিবাসনকে অর্থনৈতিক কর্মসূচি হিসেবে  ঢেলে সাজানোর পরামর্শ দেন।

নিউইয়র্কের ইমিগ্রেশন অ্যাটর্নি মৌমিতা রহমানও আমেরিকার অভিবাসন পদ্ধতি অতিমাত্রায় রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত বলে মত দেন। তিনি বলেন, অভিবাসন সংক্রান্ত প্রতিটি আইনই হয়েছে রাজনীতির কারণে এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। অপছন্দের লোকদের আমেরিকার বাইরে রাখার লক্ষ্য নিয়েই দেশটির অভিবাসন নীতি ও কাঠামো সাজানো হয়।

মৌমিতা বলেন, আমেরিকায় সব সময়ই অভিবাসন বিরোধী মনোভাব ছিল। গত চার বছরে তা অনেক বেড়েছে। এ মনোভাবের কারণে এই সময়ে বিশ্বের অনেক দেশে আমেরিকার কনস্যুলার সেবা, ভিসা দেওয়া সংক্রান্ত কাজ-কর্ম গুটিয়ে ফেলেছে। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় লোক আসা নিয়ন্ত্রণ করতে ট্রাম্প প্রশাসন এসব করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার নীতিকে অভিবাসন এবং অবৈধদের বৈধতা পাওয়ার সহজ পথ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাইডেনের প্রস্তাবনায় অবৈধদের বৈধতা পাওয়ার আবেদন করার ক্ষেত্রে কঠিন কোনো পূর্ব শর্ত রাখা হয়নি। 

তবে আমেরিকার বিভিন্ন ইমিগ্রেশন কোর্টে দায়িত্বে থাকা ট্রাম্প আমলে নিয়োগ পাওয়া ইমিগ্রেশন বিচারকদের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্পের সময় বিভিন্ন পেশা থেকে বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে অনেককে ইমিগ্রেশন কোর্টে নিয়োগ দেওয়া হয়েছে। এদের অধিকাংশই ইমিগ্রেশন বিরোধী। তাদের অভিবাসন বিরোধী মনোভাব রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিষ্পত্তিতে প্রভাব পরতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আরও বলেন, অভিবাসীদের প্রতি প্রেসিডেন্টের মনোভাব সামগ্রিকভাবে অভিবাসন সংক্রান্ত কাজে প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বাইডেন নিজে যেহেতু নিজেকে অভিবাসী বান্ধব হিসেবে উপস্থাপন করছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তার একটি ইতিবাচক ছাপ পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।