গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপা পড়ে আব্দুল হাই ফকির (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা মোড়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।