নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সব কটি পদে আ. লীগের জয়

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২১-২০২২) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি মো. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের সব কটিতে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মাহমুদুল হক মোমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া। সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম। 

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৪ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী সামছুল ইসলাম ভূঁইয়া।

এদিকে সকাল থেকে দুই প্যানেলের সমর্থনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক দুটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ জুগিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক  তৈমুর আলম খন্দকার, সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদসহ কমিটির শীর্ষ নেতারা প্যান্ডেলের ভেতর চেয়ারে বসে ছিলেন। একইভাবে আওয়ামী লীগের প্যান্ডেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আদালতপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বিপুলসংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগের নেতা–কর্মীরা। বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আদালত পাড়ায় আসেন। তিনি বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্যান্ডেলে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন। রাত ১০টার দিকে তিনি আদালত পাড়ার ভেতর জেলা প্রশাসকের সার্কিট হাউস থেকে বেরিয়ে চলে যান।

ওদিকে ভোটকেন্দ্রের বাইরে দুই প্যানেলের সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রচারণা চালিয়েছেন। থেমে থেমে স্ব স্ব প্যানেলের পক্ষে স্লোগানও দিয়েছেন। এ সময় আওয়ামী লীগ প্যানেলের সমর্থকদের মাথায় সাদা ও বিএনপি প্যানেলের সমর্থকদের মাথায় সবুজ ক্যাপ শোভা পাচ্ছিল।