মোহামেডান-আবাহনী দ্বৈরথে মাতল কুমিল্লা

প্রতিবেদনের শিরোনাম ‘আবাহনী বনাম সুলায়মান দিয়াবাতে’ হলে অত্যুক্তি হতো না। দুটি অসাধারণ গোলে মালির এই ফরোয়ার্ড হোমগ্রাউন্ডে মোহামেডানকে দিয়েছে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-২ এ রুখে দিতে সুলায়মান ব্যাকফ্লিক আর ব্যাকভলিতে করেছেন জোড়া গোল। তার অসাধারণ ফুটবল শৈলীতে অনেকদিন পর রোমাঞ্চকর একটা ম্যাচের সাক্ষী হলেন কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত কয়েক হাজার ফুটবলপ্রেমী।

টানা তিন ম্যাচ জয়ের পর প্রথম পয়েন্ট হারাল ৬ বারের বিপিএল শিরোপাজয়ী আবাহনীর। আর দু’ম্যাচ আগে ঘরের মাঠে সাইফ স্পোর্টিংয়ের কাছে হারের ক্ষতে খানিকটা প্রলেপ দিতে পারল মোহামেডান। শুধু তাই নয়, ফেডারেশন কাপের গ্রুপপর্বে আবাহনীর কাছে ৩-০ তে হারেরও একটা জবাব তারা দিয়েছে কালকের ঘুরে দাঁড়ানো ড্রয়ে।

আসলে মোহামেডান-আবাহনী দ্বৈরথ এখন আর সেভাবে রোমাঞ্চ ছড়ায় না। মোহামেডানের হাল ছেড়ে দেওয়া মনোভাবেই এটা এখন অসম লড়াইয়ে রূপ নিয়েছে। তবে কালকের ম্যাচ ব্যতিক্রম। নতুন মঞ্চে পুরনো লড়াইটা হয়েছে জমজমাট। তার জন্য কৃতিত্ব বেশি পাবে মোহামেডানই। মানে-গুণে পিছিয়ে থাকাটা কাল বুঝতেই দেয়নি সাদা-কালোর সৈনিকরা।

ম্যাচের চতুর্দশ মিনিটে আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির লম্বা ফ্রি-কিক হাইতিয়ান কারভেন্স বেলফোর্টের মাথা ঘুরে যায় তোরেসের কাছে। ডাইভিং হেডে বলে জালে জড়ান এই ব্রাজিলিয়ান। আবাহনীর এই লিড স্থায়িত্ব পেয়েছিল মাত্র চার মিনিট। জাফর ইকবালের ক্রস নাইজেরিয়ান ফরোয়ার্ড আবিওলা নুরাতের কাছে আসে। নুরাত বল বাড়ান আমির হাকিম বাপ্পিকে। তিনি গোল মুখে বাড়ালে অসাধারণ ব্যাকফ্লিকে আবাহনী কিপারকে বোকা বানান সোলায়মান। ৩৩ মিনিটে লিড পুনরুদ্ধার করে আবাহনী। সাদউদ্দিনের ফ্রি-কিক ফের বেলফোর্ট হেড করে নামিয়ে দিলে তাতে তোরেসের শট মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার কৌলিদিয়াতির গায়ে লেগে জুয়েলের কাছে যায়। কোনাকুনি শটে বল জালে জড়াতে ভুল করেননি এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে আবাহনীকে আক্রমণে দিশেহারা করে তোলে মোহামেডানের আক্রমণভাগ। ৬৬ মিনিটে যার ফল পায় সাদা-কালোরা। সোহাগের কর্নারে নুরাতের ব্যাকহিল বাধাপ্রাপ্ত হলে মোহামেডানের জাপানিজ অধিনায়ক উরু নাগাতা আলতো চিপ ফেলেন গোলমুখে। সেখান থেকে সোলায়মানের ব্যাকভলি ফের বোকা বানায় আবাহনী কিপার সোহেলকে।

কুমিল্লা স্টেডিয়ামে কাল প্রয়াত কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের পোস্টারে ছেয়ে গিয়েছিল মোহামেডান গ্যালারি। কুমিল্লাবাসী এই কীর্তিমানকে সম্মান জানিয়েছে ছবি বুকে ধারণ করে। আর নিজ শহরে প্রিয় দল মোহামেডানের উজ্জীবিত খেলা বাদল দেখলেন দূর আকাশ থেকে।