কোপা ইতালিয়ার সেমিতে মুখোমুখি জুভেন্তাস-ইন্তার

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই স্পালকে ৪-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠেছে জুভেন্তাস। সেখানে তাদের প্রতিপক্ষ এসি মিলানকে হারিয়ে আসা ইন্তার মিলান। ৩ ও ১০ ফেব্রুয়ারি হবে দুই লেগের সেমিফাইনাল। অন্য সেমিফাইনাল হবে আতালান্তা এবং নাপোলি-স্পেজিয়া কোয়ার্টারের জয়ী দল। আতালান্তা ৩-২ গোলে হারিয়েছে লাৎসিওকে।

গত মৌসুমে ২০তম হয়ে সিরি’আ থেকে দ্বিতীয় স্তরে নেমে যায় স্পাল। দ্বিতীয় স্তরে এই মুহূর্তে তারা আছে পঞ্চম স্থানে। তাই রোনালদোকে বিশ্রাম দিয়েই বুধবার নিজেদের মাঠের খেলায় দল সাজিয়েছিলেন জুভেন্তাস কোচ আন্দ্রেয়া পিরলো। তাকে হতাশ করেননি বাকিরা। ১৬ মিনিটে আলভারো মোরাতার পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৩ মিনিটে জিয়ানলুকা ফ্রাবোত্তা ব্যবধান দ্বিগুণ করেন। ৭৮ মিনিটে গোল করেন দিয়ান কুলুসেভস্কি আর ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান ৪-০ করেন ফেদরিকো চিয়েসা।