উইন্ডিজের সঙ্গে সোহান সাইফদেরও প্রস্তুতি

টেস্ট সিরিজের আগে উইন্ডিজকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। ওয়ানডে সিরিজের আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু অতিথিরা ওই প্রস্তুতি ম্যাচ খেলেননি। তবে টেস্টের আগে ম্যাচ আবহে নিজেদের ঝালাই করে না নেওয়ার সাহস নেই উইন্ডিজের। বিশেষত ওয়ানডেতে ওই রকম হারের পর টেস্টেও একই ফলাফল চাইবে না দলটি।

প্রস্তুতি ম্যাচটা হচ্ছে চট্টগ্রামের আগের টেস্ট গ্রাউন্ড এমএ আজিজ স্টেডিয়ামে। প্রতিপক্ষ বিসিবি একাদশ। নুরুল হাসানের নেতৃত্বে টেস্টের প্রাথমিক স্কোয়াডের চার জনকে ঝালিয়ে নেওয়া হচ্ছে এই ম্যাচ দিয়ে, সাইফ হাসান, সাদমান ইসলাম ও ইয়াসির আলি। সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ৬ তরুণও আছেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আকবর আলিরা। যুব বিশ্বকাপ জয়ের পর সেটাই ছিল কোনো জাতীয় দলের বিপক্ষে তাদের প্রথম লড়াই। ভবিষ্যতের জন্য নিজেদের তৈরির লক্ষ্যে এবার উইন্ডিজ পেসারদের সামনে পরীক্ষা দেবেন তারা। এই ৬ জন হচ্ছেন- আকবর আলি, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শাহিন খান ও মুকিদুল ইসলাম মুগ্ধ। দলে একমাত্র স্পিনার লেগি রিশাদ হোসেন।