এক ঝলকে

‘সোলমেটে’র ফার্স্ট লুকে তাসকিন

‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান বেশ দাপটের সঙ্গেই কাজ করে যাচ্ছেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি আজকাল তাকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমাতেও। এবার প্রকাশিত হয়েছে তাসকিনের নতুন একটি সিনেমার প্রথম লুক। সেখানে তার এক ঝলক নজর কেড়েছে নেটিজেনদের। তরুণ নির্মাতা বাপ্পী খানের চলচ্চিত্র ‘সোলমেট’-এর দ্বিতীয় পোস্টার প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেখানে তাসকিন রহমানের লুক প্রকাশিত হয়েছে। নির্মাতা তার ফেইসবুকে পোস্টারটি শেয়ার করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা পোস্টারটির প্রশংসা করছেন। সোলমেট প্রসঙ্গে বাপ্পী খান বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। বুকের ভেতর পুষে রাখা স্বপ্নটা পূরণ করতে মেধা ও শ্রমের সমন্বয় করছি। কেউ যদি এই সিনেমাটির বিহাইন্ড দ্য সিনে একটা ক্যামেরা ফিট করে রাখত তাহলে সেটাও একটা সিনেমা হয়ে যেত। অনেক ত্যাগ স্বীকার করে, কষ্ট করে সিনেমাটি নির্মাণ করেছি। প্রত্যেক শিল্পী তার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাসকিন রহমান তাদের অন্যতম একজন। আজ যখন তার প্রথম ঝলকটি দর্শকরা অনলাইনে প্রশংসা করছেন তখন আনন্দ হচ্ছে তা দেখে। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।’ পরিচালক জানান, ‘সোলমেট’ সিনেমায় প্রাণভোমরা তাসকিন রহমান। আরও কাজ করেছেন সাঞ্জু জন, বিপাশা কবির প্রমুখ। সিনেমাটি মুক্তি দেওয়া হবে চলতি বছরেই।

অস্কারজয়ী ক্লোরিস লিচম্যানের মৃত্যু

দ্য লাস্ট পিকচার শো ও ইয়ং ফ্রাংকেনস্টাইনের মতো ছবির জন্য খ্যাতিমান অস্কারজয়ী অভিনেত্রী ক্লোরিস লিচম্যান আর নেই। তিনি ফাইলিস, দ্য মেরি টাইলার মুর শো ও দ্য ফ্যাক্টস অব লাইফের মতো দীর্ঘ টিভি ধারাবাহিকে কাজ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার অভিনেত্রী ঘুমের মধ্যে মারা যান বলে দ্য র‌্যাপকে জানান তার ব্যবস্থাপক। কয়েক দশকের ক্যারিয়ারে লিচম্যান ২২টি এমি মনোনয়ন পান, জিতেছেন আটবার। যা জয় ও মনোনয়ন দুই ক্ষেত্রেই রেকর্ড ছিল। টিভি ইতিহাসে রাইজিং হোপ, দ্য ব্র্যান্ড নিউ লাইন, দ্য এলেন শো, লেসি ও আরও অনেক দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে দেখা গেছে স্প্যাংলিশ ও আই ক্যান অনলি ইমাজিন ছবিতে। এ ছাড়া কণ্ঠ দেন অ্যানিমেশন ছবি ‘দ্য ক্রুডস’-এ। ১৯৪০-এর দশক থেকে ২৮৭টির বেশি ছবি ও টিভি শোতে অভিনয় করেছেন ক্লোরিস লিচম্যান।

লিচম্যান আমেরিকার লোয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেন। নিউ ইয়র্কে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ১৯৪৮ সালে।

২০০৯ সালে ‘ক্লোরিস’ নামের আত্মজীবনী প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি প্রাণী অধিকার সংগঠন পেটার সঙ্গে যুক্ত ছিলেন। নিরামিষভোজীদের পক্ষে প্রচারেও অংশ নেন।