এইচএসসির ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান। ২০২০ সালে ১১ শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে করোনার প্রকোপ বাড়তে থাকলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে গত বছর ৭ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

শিক্ষামন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে, সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য সাধারণ বিশ^বিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

এরপর গত ২৫ নভেম্বর আরেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, ‘এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসির ফল ৭৫ শতাংশ ও জেএসসির ২৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।’

তবে আইনি জটিলতার কারণে ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করতে সংসদে ২৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১-সহ তিনটি বিল পাসের জন্য উত্থাপন করেন। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিলটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুই দিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব।’

২৫ জানুয়ারি রাতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে সেদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়। অবশেষে মহামারী আতঙ্কে পার করা বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

এইচএসসির ফল পেতে এরই মধ্যে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। যেসব শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করবেন, তারা ফল প্রকাশের দিন ঘরে বসেই ফল পাবেন। প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। মোবাইল অপারেটর টেলিটক জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নম্বরে ফল পৌঁছে যাবে।

এ ছাড়া www.educationboardresults. gov.bd--এ ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।