৭১ বছরের মধ্যে নোমানই প্রথম

৭১ বছরের মধ্যে সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েছেন নোমান আলি। এখন তার বয়স ৩৪ বছর ১১৫ দিন। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ফেন ক্রেসওয়েলের। তিনি ১৯৪৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ বছর ১৪৬ দিন বয়সে অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেন। তবে ফেন স্পিনার ছিলেন না। শুধু স্পিনারদের হিসাবে ধরলে গত ৮৭ বছরে নোমানই প্রথম, যিনি এত বেশি বয়সে অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন।

যে বয়সে অনেকেই ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবেন কিন্তু নোমান সেই বয়সে শুরু করলেন টেস্ট। করাচি টেস্টে খেলতে নামার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯২ উইকেট নিয়েছেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন। করাচি টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।  পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদের ছোট শহর খিপড়োতে নোমানের জন্ম ১৯৮৬ সালের ৭ অক্টোবর। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তার ক্যারিয়ারের বয়স প্রায় ১৫ বছর। এবার শুরু করলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। অভিষেক টেস্টে রেকর্ড গড়ার পর নোমান বলেছেন, ‘আমি আশা হারাইনি কখনই। বিশেষ করে গত দুই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ভালো বোলিং করে প্রচুর উইকেট নিয়েছি। আমি জানতাম একদিন না একদিন আমি ডাক পাব।’ শুধু বয়স্ক ক্রিকেটার হিসেবেই নয়, পাকিস্তানের ১২তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নোমান।