চাঁদপুরে দুটি মাছঘাটে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে গতকাল শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ও বহরিয়া মাছঘাটে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে প্রায় ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।