মানিকগঞ্জের সাটুরিয়ার দোতরা নামক স্থান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তাররা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলো ফরিদপুরের পান্না শিকদার ওরফে পাপ্পু শিকদার (৪২), গাইবান্ধার কাউসার হোসেন (২৬), পাবনার মো. নুরুজ্জামান হোসেন মোক্তার (৫১), নওগাঁর মো. হাসান বেপারি রানা (৩৭), দিনাজপুরের মো. সালাউদ্দিন (৩৮) এবং সিরাজগঞ্জ জেলার মো. সাইফুল ইসলাম (৪৩)।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে দোতরা নামক স্থানে কয়েকজন ব্যক্তি সিগারেট বহনকারী কাভার্ড ভ্যান গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে চালক ও হেলপারকে নামিয়ে হাইয়েস গাড়িতে তুলে নেয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা সিগারেটের গাড়ি নিয়ে পালিয়ে যায়। সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এ/পি-অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড (ডিস্ট্রিবিউটর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) মানিকগঞ্জ শাখার সেলসম্যান সাটুরিয়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়।