নিখোঁজের একমাস পর মিলল জাপা নেতার গলিত লাশ

চট্টগ্রামে নিখোঁজ হওয়ার এক মাস পর জাতীয় পার্টির এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দরবেশ হাট এলাকা থেকে শুক্রবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেনের (৪৫) বাড়ি লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকায়। তিনি উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আনসার উল্লাহ (২১) নামে এক রোহিঙ্গা যুবক এবং ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মামলার সূত্রধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শুক্রবার ভোরে আনসার উল্লাহকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে আনোয়ারের গরুর খামারের পাশে মাটি খুঁড়ে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার উল্লাহ জানিয়েছেন, তিনি আনোয়ারের গরুর খামারে কাজ করতেন। বেতন নিয়ে আনোয়ারের সাথে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে তিনি আনোয়ারকে খুন করে খামারের পাশে লাশ মাটি চাপা দিয়ে পালিয়ে যান।

গত ৩০ ডিসেম্বর বাড়ি থেকে নিজের গরুর খামারে গিয়ে নিখোঁজ হন আনোয়ার। এ ঘটনায় পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা করে আনোয়ারের পরিবার।