শাহজাদপুরের মনিরামপুর বাজারে বিউটি পারলারের অন্তরালে ও সাংবাদিকতার দোহাই দিয়ে ইয়াবার ব্যবসা চালানো মাদক কারবারি রাজিব আহমেদ রাসেলকে (৩৫) অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শাহজাদপুরে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক।
গতকাল শনিবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়ে তারা এ দাবি জানান। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার না করায় উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় শাহজাদপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে রাজিব আহমেদ রাসেলকে শাহজাদপুর প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু জানান, রাজিব আহমেদ রাসেল ২০০২ সালে এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে একটি কনফেশনারির দোকান দিয়ে ব্যবসা করছিলেন। কিছুদিন দুয়েকজন সাংবাদিকের সঙ্গে চলাফেরার সুবাদে একটি অনলাইন পোর্টালের কার্ড সংগ্রহ করে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন। এরপর থানা পুলিশের অসাধু সদস্যদের সঙ্গে সখ্য গড়ে শুরু করেন বেপরোয়া জীবন। সাংবাদিকতার আড়ালে মাদকের কারবার, পারলার ব্যবসার আড়ালে দেহব্যবসা ও বিশিষ্টজনদের নিমন্ত্রণ করে এনে গোপন ভিডিও ধারণ এবং তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় শুরু করেন।
সভাপতি বিমল আরও বলেন, এসব বিষয় নিয়ে প্রেস ক্লাবে লিখিত অভিযোগ এলে তদন্ত করে সত্যতা পেয়ে তাকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়।