প্রভাসের নায়িকা শ্রুতি

দক্ষিণ ভারতীয় তারকাদের মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে শ্রুতি হাসানের। শুধু কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে বলেই নয়, অভিনয়-নাচ-গান সবকিছুতেই সমান পারদর্শী এই নায়িকা। আর তার রূপের দিওয়ানা তো নয় থেকে নব্বই। অন্যদিকে দক্ষিণী তারকা হয়েও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় বাহুবলী তারকা প্রভাস। এই দুই বিখ্যাত তারকা এবার একসঙ্গে আসতে চলেছেন বড়পর্দায়। গত বৃহস্পতিবার ৩৫-এ পা দিলেন শ্রুতি। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান অসংখ্য ভক্ত। তবে শ্রুতিভক্তদের এই বিশেষ দিনে চমকে দেন সুপারস্টার প্রভাস। গত মাসে প্রভাস তার আগামী সিনেমা ‘সালার’-এর কথা ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে এতে তার সঙ্গে কে জুটি বাঁধবেন, তা নিয়ে দারুণ আগ্রহ ভক্তদের। অনেক নায়িকাকে নিয়ে যে গুঞ্জন হচ্ছিল তা চুপ করিয়ে দিলেন খোদ প্রভাসই। তিনি ইন্সটাগ্রামে শ্রুতির একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা শ্রুতি হাসানকে। সালারে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী আমি।’ পাশাপাশি এই তারকা সালারের প্রোডাকশন হাউজ হোমবেল ফিল্মসের টুইট রিটুইট করে লেখেন, ‘সালারে আপনাকে স্বাগত শ্রুতি।’

কিছুদিন আগে প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমার মহরত হয়েছিল। প্রভাসের ‘সালার’-এর লুক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে প্রভাস উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, ‘আমি সব সময় হোমবেল ফিল্মস ও প্রশান্তের পরিচালনায় কাজ করতে আগ্রহী ছিলাম। আমার মনে হয় না যে একজন অভিনেতা হিসেবে আমি এর চেয়ে বড় ও রোমাঞ্চকর সুযোগ পেতে পারতাম। এই সিনেমায় আমার চরিত্রটি অত্যন্ত মারকুটে ও গভীর। এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। এটা প্যান ইন্ডিয়ান সিনেমা। আমার আর তর সইছে না। এর শ্যুটিং শুরু করার জন্য আমি উৎসাহী।’ ২০২১ সালে মুক্তি পাবে ‘সালার’। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।

শ্রুতি হাসানের হাতে এখন বেশ কয়েকটি প্রকল্প আছে। কয়েক দিন ধরে তিনি তেলেগু সিনেমা ‘পিট্টা কাথালু’ নিয়ে আলোচনায় আছেন। এরপর তাকে রাজনৈতিক থ্রিলার ঘরানার তামিল সিনেমা ‘লাবাম’-এ দেখা যাবে।