খুলনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- খুলনা মহানগরীর সিমেট্রি রোডের মৃত মো. আতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমান তাজু (৪৭)।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুন খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র সিমেট্রি রোডের হোটেল আরামের সামনে দেলোয়ার হোসেন দিলুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শওকত আরা রানু বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলার  দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা  এসআই তাপস কুমার পাল পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মহানগর পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়ার্দার।