কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের বাড়ি-ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন নেওয়ার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
রবিবার বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে খাসহাওলা-ভৈরব সংযোগ সড়কে এই কর্মসূচি পালন করে।
ওইসব কর্মসূচিতে গ্রামের কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা দাবি করেন- কভারবিহীন উচ্চ ক্ষমতার (৩৩ হাজার ভোল্ট) এই সঞ্চালন লাইন তাদের গ্রামের বাড়ি-ঘরের উপর দিয়ে যাওয়ায় তাঁরা দুর্ঘটনার আশঙ্কা করছেন। ঝড়-তুফানে এই তার ছিঁড়ে গেলে অথবা গাছের ডাল-পালা ভেঙে পড়লে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির ঘটনা ঘটবে।
তাই তাদের দাবি, এই সঞ্চালন লাইনটি তাদের বাড়ি-ঘরের ওপর দিয়ে না নিয়ে, জমির আইল ধরে নিলে তারা স্বস্তি পেতেন।
এ সময় বক্তারা জানান, ইতিমধ্যে গ্রামের দুই শতাধিক লোকজন স্বাক্ষরিত একটি আবেদনপত্র স্থানীয় উপজেলা প্রশাসনসহ পল্লিবিদ্যুৎ সমিতির কুলিয়ারচর ও মরজাল জোনাল অফিসে দেওয়া হয়েছে।
অনুলিপি দেওয়া হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে।
বিক্ষুব্ধ গ্রামবাসী এ সময় দাবি করেন, অতি দ্রুত তাদের এই দাবি না মানা হলে তারা ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।