ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে  মো. ফারুক হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ফারুক হোসেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জিয়ানগর থানা ওসি মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিন সকাল ১১টার দিকে উপজেলার খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক হোসেনের (৪৫) বাড়ি খুলনার কয়রা থানার তেঁতুলতলা এলাকায়।  ওই এলাকার কেবিআই ব্রিক ফিল্ড শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

স্থানীয়দের বরাতে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। রাতে কোনো এক সময় বাতাস ও বৃষ্টিতে ইট ভাটার একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল। কিন্তু ফারুক হোসেন সেই তার লক্ষ্য না করে এর সঙ্গে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখারে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এঘটনার পর ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেনের কাছ থেকে ইটভাটার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, তাদের বৈধ কোন কাগজপত্র নেই। তবে আবেদন করা হয়েছে।

এবিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত