গত বছর নোবেল শান্তি পুরস্কারে মনোনীতদের তালিকায় নাম এসেছিল যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বছর মনোনয়ন পেলেন তার জামাতা। আরব-ইসরায়েল সম্পর্ক স্থাপন চুক্তিতে ভূমিকা রাখায় এবারের নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ইভাঙ্কা ট্রাম্পের স্বামী ও সাবেক প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার সহযোগী অ্যাভি বারকোউইজ।
ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তাদেরই এক বন্ধুপ্রতিম অ্যাটর্নি অ্যালান ডার্শউইজ। হার্ভার্ড ল’ স্কুলের প্রফেসর ইমেরিটাস হওয়ায় এ মনোনায়ন দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
ট্রাম্পের প্রথম অভিশংসনে তার পক্ষে ছিলেন অ্যাটর্নি ডার্শউইজ। ক্ষমতাচ্যুত অবস্থায় সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন শুনানির প্রয়োজন নেই বলেও দাবি করেছিলেন তিনি।
শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের বিষয়ে নোবেল কমিটিকে দেওয়া চিঠিতে ডার্শউইজ আরব-ইসরায়েল শান্তি চুক্তিতে ভূমিকা রাখা ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ডেভিড ফ্রায়েডম্যান এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত রন ডরমারের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
নোবেল শান্তি পুরস্কারকে বিতর্কিত উল্লেখ করে ট্রাম্পের সাবেক এ সহযোগী বলেন, এ পুরস্কার জনপ্রিয়তার জন্য নয়। যারা শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন তাদের সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভাবতে পারে, তার মূল্যায়নও নয়।