টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

অস্ত্রসহ আটকেরা হলেন- শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)। দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, কতিপয় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী দমদমিয়ার ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালানো হয়।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দুটি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে ২ জনকে আটক করা হয়।

তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ৯টি এসবিবিএল ও ১টি ওয়ানশুটারগানসহ ১০টি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ২ জনকে ও উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, এসব অস্ত্র সন্ত্রাসী জকির গ্রুপের কাছে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রয় ও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।