টাঙ্গাইলে ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান শুরু

টাঙ্গাইলে জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ আগামীকাল বুধবার শেষ হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের নবাগত সিভিল সার্জন ডা. এএসএম সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মুহম্মদ আজিজুল হক সিভিল সার্জনের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার সকাল থেকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে নানাদিক বিশ্লেষণসহ স্বাস্থ্যকর্মীদের হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবার প্রথম পর্যায়ের এক লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিকারক বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম।

সিভিল সার্জন অফিসের কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার সকালে প্রথম ধাপে জেলায় ১২ হাজার ভায়ালে এক লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়। জেলা সিভিল সার্জন ভ্যাকসিন গ্রহণ করে তা যথা নিয়মে কোল্ড রুমে সংরক্ষণ করেন। এসব ভ্যাকসিনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, ১২ হাজার ভায়ালে এক লাখ ২০ হাজার ডোজ এসেছে। প্রতি ভায়াল থেকে ১০ জনকে ডোজ দেওয়া যাবে। প্রতিজনকে টিকা নিতে হবে দুই ডোজ করে।

এক ব্যক্তি ৮ সপ্তাহের ব্যবধানে দুইটি ডোজ নেবে। দুই ডোজের হিসেব করলে আমরা ৬০ হাজার ব্যক্তিকে টিকা দিতে পারবো।

তিনি আরও বলেন, আমরা ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে টিকা দেওয়া শুরু করবো। প্রথম দিন টিকাদান কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশনকারী ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হবে।