তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

ব্যাপক তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। বন্ধ রাখতে হয়েছে অনেকগুলো টিকাদান কেন্দ্র।

স্থানীয় সময় সোমবার বিকেলের মধ্যে নিউইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভানিয়াতে ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

বিবিসি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক শহর ও নিউ জার্সি জরুরি অবস্থা জারি করেছে।

ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও একটি আদেশ জারি করে সোমবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে জরুরি নয় এমন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছেন। মঙ্গলবার সরকারি স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

নিউইয়র্ক রাজ্যের মেয়র অ্যান্ড্রু কুওমো নিউ ইয়র্ক শহরের পাশাপাশি আরও ৪৪টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

নিউ জার্সির গভর্নর ফিলিপ মার্ফি সোমবার তার রাজ্যে বাস ও রেল চলাচল স্থগিত করেছেন। তার জরুরি আদেশের বলে কর্তৃপক্ষগুলো রাস্তা বন্ধ করে দিতে ও ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অনুমতি পেয়েছে।

ঝড়ের পথ বরাবর বড় বিমানবন্দরগুলোর এক হাজার ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এসব বিমানবন্দরের মধ্যে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি বিমানবন্দর ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

ঝড়টির কারণে কানেকটিকাট, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ফিলাডেলফিয়া, রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক এলাকার কিছু অংশে করোনাভাইরাস টিকা বিতরণ বন্ধ রাখতে হয়েছে।  নিউ ইয়র্ক শহরের টিকাদান কর্মসূচি মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে। তারপরও আরও কয়েকদিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ তীব্র তুষারঝড় তৈরি হতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্যাপক তুষারপাত হয়েছিল। তখন ক্যালিফোর্নিয়ার কিছু অংশে ছয় ফুটেরও বেশি তুষার জমেছিল।