‘গোলমরিচ’ নিয়ে আসছেন নিশো-মেহজাবীন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটি হালে বাজিমাত করছে টিভি পর্দায়। একের পর এক জনপ্রিয় নাটকে দেখা যাচ্ছে তাদের। সামনেও আসছে কিছু, তারই একটি ‘গোলমরিচ’।

হ্যাঁ, ‘গোলমরিচ’ নাটকেরই নাম। এর কাহিনি এমন— আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনো রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিল। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় সুন্দরী নিতু।

আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায়। নিতু ‘সরি’ বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে।

সিএমভি’র ব্যানারে রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই জুটি গত বছর উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। ওই নাটকের মেহজাবীনের সঙ্গে ছিলেন জিয়াউল হক অপূর্ব। সেই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসের উপহার ‘গোলমরিচ’।

নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।