চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের ‘পয়মন্ত ভেন্যু’। যে মাঠে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে টাইগাররা। করোনা বিরতির পর এটিই হবে টাইগারদের প্রথম টেস্ট। তবে চট্টগ্রামের মাঠটিতে বাংলাদেশের সবশেষ টেস্টটি বিব্রতকর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। টেস্টের নবীনতম সদস্যদের বিপক্ষে ২২৪ রানে হেরেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। যা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলোর একটি।
ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামার আগে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হককে সেই ম্যাচ নিয়ে কথা বলতেই হলো। মুমিনুল বললেন, আফগানদের বিপক্ষে ওই ম্যাচ মনে আনতে চান না তিনি।
‘অতীত তো অতীতই থাকে। আমি এটা ভাবতেই চাই না, ভালো হোক বা খারাপ। কালকে যে জিনিসটা হয়ে গেছে, সেটা তো আপনার মনে থাকবে না। ভালো ছিল বা খারাপ, মনে রাখারও দরকার নেই। মনে রেখে কিছু পাবেনও না। আমিও একই।’- বলেন মুমিনুল।
যোগ করেন, ‘আফগানিস্তানের সঙ্গে কী হয়েছিল, না হয়েছিল, মনে রাখতে চাই না। কালকের ম্যাচে মনোযোগ দিতে চাচ্ছি।’
ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলাটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভি।