ঠাকুরগাঁও চিনিকল

সিরিয়াল নিয়ে বিরোধের জেরে ট্রলিচালক খুন

ঠাকুরগাঁও চিনিকলে আখ সরবরাহের সিরিয়াল দেওয়া নিয়ে বাগ্বিত-ার জেরে আখের আঘাতে সুরেশ চন্দ্র রায় নামে ট্রলিচালকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও চিনিকলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।

আটকরা হলেন- বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে ট্রলিতে করে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসেন ট্রলিচালক সুরেশ চন্দ্র রায়।

রাতে মিলে আখ সরবরাহ করার সিরিয়াল নিয়ে সুরেশের সঙ্গে আরেক ট্রলিচালক আব্দুর রহিমের ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে রহিম ও তার ছেলে সোহাগ মিলে সুরেশকে আখ দিয়ে পিটিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্র মারা যান বলে জানান ওসি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, সুরেশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।