শীতে উপকারী ভেষজ

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতে নানা রোগ ও শারীরিক সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে হলুদ, পার্সলে, আদা থেকে শুরু করে একাধিক ভেষজ উদ্ভিদ দারুণ উপকার করে। এ সময় নিয়মিত যেসব ভেষজ উপাদান খেলে উপকারিতা পাওয়া যায়

হলুদ : অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের একাধিক সমস্যা দূর করতে পারে। মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি হজম, হৃদরোগজনিত জটিলতা, ইউরিনের সমস্যা, রক্ত পরিষ্কারসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হলুদ। হলুদে উপস্থিত কারকিউমিন উপাদান পেশি ও অস্থিসন্ধির ব্যথা দূর করতে পারে।

পার্সলে : পার্সলের মধ্যে ভিটামিন-এ, সি, কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও একাধিক খনিজ লবণ থাকে। তাই পার্সলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘস্থায়ী নানা রোগ দূর করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পার্সলে পাতা বেশ উপকারী।

আদা : আদায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ঠান্ডা লাগা, নানা ধরনের ভাইরাল জ্বর, পেশিতে ব্যথাসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীর সতেজ রাখে।

মেথি : মেথির পানি ছাড়া অঙ্কুরিত মেথি, কোনো তরকারি বা কারিতেও মেথি দিয়ে খাওয়া যেতে পারে। ডায়াবেটিস, কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি। এটি শরীরে টেস্টোস্টেরনের মাত্রাও ঠিক রাখে।

পুদিনা : শরীর ভালো রাখতে নির্দিষ্ট নিয়ম মেনে পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে। এ ছাড়া বিভিন্ন ধরনের সালাদ, জুস বা চাটনিতে ব্যবহার করা যেতে পারে পুদিনা। কোষ্ঠকাঠিন্য, বদহজম, মুখের দুর্গন্ধ, ঠা-া লাগা, অবসাদসহ একাধিক সমস্যা দূর করতে ভূমিকা রাখে এই পাতা।