কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

কুষ্টিয়ার মিরপুরে বালিভর্তি ট্রাক চাপায় চান্দু মল্লিক (৪২) নামে সাইকেল আরোহী এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলার নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মৃত চান্দু মল্লিক স্থানীয় নওপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে চান্দু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে সাইকেলযোগে কর্মস্থল ইটভাটায় যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বালি বহনকারী কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চান্দু’র মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনগণ ৩টি ড্রাম ট্রাক ভাঙচুর করে।

মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রাক চাপায় একজনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।