ভালো কিছু করে যেতে পারলে প্রতিদান পাবো: বিসিআইসি চেয়ারম্যান

বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. এহছানে এলাহী বলেছেন, প্রশাসনে বিভিন্ন পদে থেকে দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও এর প্রতিদান পাওয়া যায়।

সরকার তাকে সচিব পদমর্যাদায় বিসিআইসির চেয়ারম্যান নিযুক্ত করায় এটাকে দেশ ও দশের সেবা করার সুযোগ হিসেবে নিয়েছেন বলেও জানান তিনি।

কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এহছানে এলাহী বলেন, ‘বিআরটিসির চেয়ারম্যান, জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পদে আসীন হয়েছি, সুনামের সঙ্গে কাজ করেছি। তারই প্রতিদান হিসেবে গ্রেড-১ তথা সচিব পদমর্যাদায় বিসিআইসির চেয়ারম্যান পদে আসার সুযোগ হয়েছে।’

তিনি বলেন, ‘এই পদে থেকে ভালো কিছু করে যেতে চাই। ভালো কিছু করলে সেটা সদকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে এবং এর প্রতিদান রোজ কিয়ামতে পাবো।’

ব্রিটেনে অবস্থানরত সিলেট জেলার কানাইঘাট কমিউনিটির পক্ষ থেকে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে রবিবার রাতে এই সংবর্ধনার আয়োজন করে। এহছানে এলাহী তার ঢাকার বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

সংগঠনের চেয়ারপারসন নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মখলিছুর রহমানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দ এবং ব্রিটেন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক কানাইঘাট কমিউনিটির লোকজন এতে অংশগ্রহণ করেন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এহছানে এলাহীর কর্মস্থল বিসিআইসি ভবনে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের তোড়া হস্তান্তর করেন সাংবাদিক এহসানুল হক জসীম এবং আবু বকর চৌধুরী।

ভার্চুয়াল এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন কানাইঘাট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুন রশিদ, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী, সহসভাপতি আনিসুল হক, আবদুল মালিক, প্রাক্তন সভাপতি ও বর্তমান অ্যাডভাইজরি কমিটির সদস্য ইজ্জত উল্লাহ, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, মাওলানা রফিক আহমেদ, সিরাজুল ইসলাম এবং মখলিছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এহছানে এলাহী (খোকন) সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে হিসেবে বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। সেখান থেকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়ে বিসিআইসি’র চেয়ারম্যান হিসেবে সম্প্রতি যোগ দেন।