ঘুষ নেয়ার দায়ে ১০০ কর্মীকে চাকরিচ্যুত করল টেনসেন্ট

ঘুষ নেওয়া এবং অর্থ আত্মসাতের দায়ে ১০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে চীনের টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড। এ ছাড়া ভবিষ্যতে চুক্তির ক্ষেত্রে ৩৭ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে প্রতিষ্ঠানটি

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরুর পর টেনসেন্টের ৪০ জন কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

একজনের ক্ষেত্রে উদাহরণ দিয়ে টেনসেন্ট জানায়, গেইম প্রকাশনা বিভাগের ওই কর্মী তৃতীয় পক্ষকে লাভের পথ বের করে দিয়েছেন, এর বিনিময়ে কমিশন নিয়েছেন।

গত কয়েক বছরে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ দ্বিগুণ বাড়িয়েছে চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।

চীনা প্রেসিডেন্ট  শি চিনপিং দুর্নীতি বিরোধী প্রচারণা শুরুর পর ততপর হয়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে ২০১৮ সালে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন আলিবাবা গ্রুপের ভিডিও স্ট্রিমিং সেবা ইউকুর প্রেসিডেন্ট ইয়াং ওয়েইডং। এরপর থেকে দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলো নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্টগুলো।