সীতাকুণ্ডে ৬০ ঘর, ৫ দোকান ও একটি রাইস মিল পুড়ে ছাই

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রাইস মিল, ৬ টি দোকান ও ৬০ টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। 

উপজেলার শীতলপুর বগুলা বাজার এলাকায় বুধবার রাত আটটার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকার সাবেক ইউপি সদস্য মো. জালাল উদ্দিনের ভাড়া ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ৬০টি ভাড়া ঘর ও একই মালিকের কয়েকটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।

এছাড়াও নিজেদের মালিকানাধীন একটি রাইস মিল আগুনে পুড়ে যায় বলে জানান স্থানীয় সংবাদ কর্মী কামরুল ইসলাম দুলু। 

তিনি বলেন জালাল উদ্দিন এর একটি ভাড়া ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রাইস মিল পুড়ে যাওয়াতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ম্যান আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।