মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আবুল কালাম।

জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইতালিয়ান একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি চট্টগ্রাম শহরে সিএন্ডএফ ব্যবসার সাথে জড়িত। দুদকের দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র আইনেও একটি মামলাদায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান, সাইফুল ইসলাম মূলত ০৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তিনি ০৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস করছেন।