কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া সাড়ে সাত হাজার পিস সোয়েটারভর্তি একটি কাভার্ড ভ্যানসহ তিন ছিনতাইকারীকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে আটক করা হয়েছে। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় গত বুধবার রাতে উপজেলার শ্যামগ্রাম থেকে তাদের আটক করা সম্ভব হয়।
আটকরা হলো বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরের দেওয়ান মিয়ার ছেলে মো. সোহাগ (২১), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার্ক গেন্ডারিয়া এলাকার আবদুস সাত্তার শরীফের ছেলে মিঠু শরীফ (৩৩) ও গাইবান্ধার বাদিয়াখালির ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৩০)।
নবীনগর থানা পুলিশের এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার ভোররাতে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সোয়েটারভর্তি এ কাভার্ড ভ্যান ছিনতাই হয়।