রেলস্টেশনে ছিন্নবিচ্ছিন্ন লাশ

নরসিংদীর রায়পুরায় রেলস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আমিরগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকা থেকে লাশটি উদ্ধার করেন রেলওয়ে পুলিশের সদস্যরা। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকালে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। এ সময় তার মাথা, শরীরের বিভিন্ন অংশ ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।