চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চর আর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করছে একটি সিন্ডিকেট। উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া সিকদারপাড়ার আনোয়ার আজিজ মাদ্রাসার পেছনে হালদার পাড় থেকে মাটি ও চর কেটে নিয়ে যাচ্ছে এ সিন্ডিকেটটি। স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে এ সিন্ডিকেটে রয়েছেন একাধিক ব্যক্তি।
গত বুধবার সকালে সরেজমিন দেখা যায়, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত হালদা নদীর নতুন বেড়িবাঁধের পাশ ঘেঁষে কাটা হচ্ছে মাটি ও বালু। পরে চাঁদের গাড়িতে করে সেগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এদিকে মাটি কাটার কারণে হুমকির মুখে পড়ছে বাঁধ। অপরিকল্পিতভাবে মাটি কেটে নেওয়ার কারণে নদীপাড়ের মানুষ ভাঙনের আশঙ্কাও করছেন। মাটি কাটার ফলে উজাড় হচ্ছে গাছপালা। নষ্ট হচ্ছে পরিবেশ।
মাটি ও বালু বিক্রি করার বিষয়ে সিন্ডিকেটের প্রধান যুবলীগ নেতাকে তিন দিনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।