রাশিয়ায় নাভালনি ইস্যু

তিন দেশের কূটনীতিককে বহিষ্কার

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। গতকাল শুক্রবার বিবিসি এক খবরে জানিয়েছে এই তথ্য। 

বিবিসি বলছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পর কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো।

তিন দেশের ওই তিন কূটনীতিককে বহিষ্কারের পক্ষে যুক্তি দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন’।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তাদের কোনো কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন।

গত আগস্টে নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হন নাভালনি। গত সপ্তাহে দেশটির এক আদালত সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে তাকে।